দশ ট্রাক অস্ত্র মামলায় আরও ৫ জনের মুক্তি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় বন্দি আরও পাঁচজন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে কারাগার থেকে মুক্তি পান তারা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক মহা পরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেন (৫৬)। কারাগারের জেলার আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল-মামুন একই ঘটনায় মুক্তিপ্রাপ্ত আরো চারজনের বিষয়টি নিশ্চিত করে বলে জানান, মুক্তিপ্রাপ্তরা হলেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সি.ইউ.এফ.এল. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন উদ্দিন তালুকদার এবং সাবেক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হেলাল উদ্দিন খান। বৃহস্পতিবার সকালে তাদের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে যাচাই বাছাই শেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, বিকেল সাড়ে চারটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে অপর একজন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) নিরাপত্তা বিভাগের সাবেক পরিচালক (ডাইরেক্টর) উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত