সবার সঙ্গে আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত। তবে এটি তৈরিতে তাড়াহুড়া কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে।
ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও রকম দূরত্ব হয়নি উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, দরকার হলে এটি নিয়ে একটি কমিটি করা হবে। দরকার হলে সেই কমিটি আবারও সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র প্রণয়ন করবে।
এর আগে এদিন বিকেল ৪টার পর ড. ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
তন্ত্রমন্ত্রে কাজ হবে না, নির্বাচন আয়োজন করুন: মামুনুল হক