বগুড়া

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালেন আসামি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

বগুড়া চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ মো. কলম (৩৪) নামে এক ছিনতাইকারী পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। 

এ দিন রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পালিয়ে যাওয়া আসামী মো. কলম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার খোকা মিয়ার ছেলে।

আদমদিঘী ও সদর থানা পুলিশ সূত্র জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেনের তিলকপুর বটতলায় অটো ব্যাটারি হাউস ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন এমরান হোসেন। বাড়ির কাছে পৌঁছামাত্র তিন ছিনতাইকারী তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। এ সময় তার চিৎকারে জনগণ এগিয়ে এসে বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেন। এতে তিনি আহত হলে পুলিশ তাকে আটক করে নওগাঁ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে পাশের বগুড়ার আদমদীঘি উপজেলায় পালিয়ে যান। স্থানীয়রা বিষয়টি মোবাইল ফোনে আশপাশের লোকজনকে জানান।

রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘির আমইল গ্রামের লোকজন বাঁশের ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী রাজু পালোয়ান ও মো. কলমকে আটক করে দুজনকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ দুই ছিনতাইকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোনসেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এরপর তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার এসআই তারেক হোসাইন জানান, ছিনতাইয়ের ঘটনাস্থল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা হওয়ার কথা। আহত রাজু পালোয়ান ও মো. কলম বগুড়া শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল। এদের পাহারায় দায়িত্বে ছিলেন বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের এএসআই মফিজুল ও কনস্টেবল জাকিরুল। কিন্তু বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাতকড়া পরিহিত আসামি মো. কলম হাসপাতালের বাথরুম যান। তারপর সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ দিন রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় ছিনতাইয়ের আসামি আদমদীঘিতে আটক করার পর বিক্ষুব্ধরা তাদের পিটিয়ে আহত করেন। এদের একজন বগুড়া শজিমেক হাসপাতালের বাথরুম থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত