সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতির পওর আক্রমণ ও পাল্টা আক্রমণের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাপাসিয়ায় মো. এনামুল নামে এক প্রবাস ফেরত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াসউদ্দিন বেপারির ছেলে। এ ঘটনায় এনামুলের স্ত্রী নাজনীন ইসলাম বৃষ্টি বাদী হয়ে কাপাসিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন।
এনামুলের বড়বোন নাসিমা সুলতানা জানান, চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি উচ্চবিদ্যালয় মাঠে গত সোমবার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিতে এসেছিলেন চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরিদ হোসেন। তাকে মাঠে দেখতে পেয়ে বিগত সরকারের আমলে তার দ্বারা হয়রানি ও মারধরের শিকার একদল লোক তার ওপর আক্রমণ চালায়। এ সময় ফরিদ হোসেনের সঙ্গীরা তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। মারামারির এ দৃশ্য ভিডিও করতে এগিয়ে যায় মালয়েশিয়া ফেরত এনামুল (৩০)। তার ভিডিও করার দৃশ্য দেখে ফেলায় ফরিদের ওপর আক্রমণকারীরা এনামুলকে কিলঘুসি মারতে মারতে একটি ঘরে নিয়ে আটক করে। পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে ছেড়ে দেয় তাকে। বাড়ি ফিরে পরে বুধবার সকালে মারাত্মক অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার উন্নতি না হলে আশঙ্কাজনক অবস্থায় ওই দিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ১১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
