সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে ২৬টি ব্যাংক হিসাবে মোট ৩১৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৩৭৪ টাকার অবৈধ লেনদেন এবং ৩১ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৫৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক সংসদ সদস্য (এমপি) ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে পৃথক দুটি মামলা করেছে দুদক।
গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন এবং অবৈধ উপায়ে ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার স্ত্রীর সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ছয়টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় জিলুøল হাকিমকে আসামি করা হয়েছে। এ ছাড়া জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে ২ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৭১ টাকার অবৈধ সম্পদ অর্জন ও একটি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ছেলেকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সব মিলয়ে জিল্লুল হাকিম ও তার স্ত্রী-সন্তানের ২৬টি ৩১৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৩৭৪ টাকার অবৈধ লেনদেন এবং ৩১ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৫৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
