দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবদুল্লাহ্-আল-জাহিদকে মহাপরিচালক (ডিজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। তিনি সংস্থাটির আটটি অনুবিভাগের একটির ডিজি হলেন। তবে আবদুল্লাহ্-আল-জাহিদকে কোন অনুবিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে তা এখনো জানানো হয়নি। বর্তমানে দুদকের পাঁচটি অনুবিভাগের ডিজিই প্রেষণে নিয়োজিত। নতুন পদোন্নতি পাওয়া আবদুল্লাহ্-আল-জাহিদসহ বাকি তিনটি অনুবিভাগে ডিজি হিসেবে দুদকের অভ্যন্তরীণ কর্মকর্তারা রয়েছেন।
আবদুল্লাহ্-আল-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
