সাবেক এমপি রেজিনা ইসলামের মৃত্যু, তারেক রহমানের শোক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম (৭২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে দিনাজপুরের জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতানে তিনি ইন্তেকাল করেন। 

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী জানান, রেজিনা ইসলাম ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলা শহরে পৌঁছার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রেজিনা ইসলাম ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দিনাজপুর (৪১) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

রেজিনা ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

পোস্টে তিনি লেখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মিসেস রেজিনা ইসলাম আজ ভোরে দিনাজপুর জিয়াউর রহমান হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।  

তিনি আরও লেখেন, মরহুমা মিসেস রেজিনা ইসলাম নিজ এলাকায় জনপ্রিয় নেত্রী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দিনাজপুর অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন এবং সংসদ সদস্য থাকাকালীন নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

তারেক রহমান আরও লেখেন, আমি মিসেস রেজিনা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত