বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ইতিবাচক অগ্রগতি চায় ভারত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক পথে অগ্রগতির ইচ্ছা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের নাগরিকদের জন্য যেন ফলপ্রসূ হয় তা নিশ্চিতের কথা জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

জয়সোয়াল বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব (ঢাকা) সফর করেছেন। যেখানে আমরা বলেছিলাম, ইতিবাচক সম্পর্ক চাই, ইতিবাচক পথে এগোতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই।

তিনি বলেন, আমরা চাই ভারত-বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের জন্য ভালো হোক। সুতরাং এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং এটি রয়ে গেছে।

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে নিয়ে ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আন্তঃসীমান্ত অপরাধ রোধ, পাচার বন্ধ এবং গবাদি পশুর জন্য সুরক্ষিত সীমান্ত তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব কার্যক্রমের অংশ হিসেবে আমরা কাঁটাতারের বেড়া, আলো এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করছি। এ বিষয়ে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত