ডি ক্যাপ্রিও দিলেন এক মিলিয়ন ডলার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শহরকে পুনরুদ্ধারের জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৫ জানুয়ারি বুধবার, ডিক্যাপ্রিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন যে তিনি এই তহবিলটি রিওয়াইল্ড-এর র‌্যাপিড রেসপন্স প্রোগ্রামের মাধ্যমে প্রদান করছেন। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ড আমাদের শহরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমি জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে ১ মিলিয়ন ডলার দিয়েছি।’

ডি ক্যাপ্রিওর এই অনুদান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন, ক্যালিফোর্নিয়া কমিউনিটি ফাউন্ডেশন, পাসাডিনা হিউমেন সোসাইটি এবং সোকাল ফায়ার ফান্ড-এর মতো সংস্থাগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি শুরু হওয়া এই অগ্নিকাণ্ড ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে। অন্যদিকে, বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস এবং তার পরিবারও ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এছাড়া, জেনিফার গার্নার, জেসিকা আলবা, হ্যালি বেরি এবং আরও অনেক তারকা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পী বিয়ন্সে তার বেইগুড চ্যারিটি ফাউন্ডেশন থেকে ২.৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, ওয়াল্ট ডিজনি কোম্পানি, প্যারামাউন্ট ও ফক্স কর্পোরেশন এবং ওয়ার্নার মিউজিক ও ব্লাভাটনিক ফাউন্ডেশন উল্লেখযোগ্য অর্থ সাহায্য প্রদান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত