ইনজুরির কাছে হেরে নাওমির বিদায়

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৪ এএম

শুধু অস্ট্রেলিয়ান ওপেন নয় এবারের মৌসুমেই এখন পর্যন্ত কোনো ম্যাচ এমনকি কোনো সেটেও হারেননি যুক্তরাষ্ট্রের টেনিস তারকা বিশ্বের তৃতীয় বাছাই কোকো গফ। গত বছর সৌদি আরবে ডব্লিউটিএ শিরোপা জিতে নেওয়া কোকো অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ২০২১ ইউএস ওপেনের রানার আপ লেয়লা ফার্নান্দেজকে ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ডে। পুরুষ এককে নানা অঘটন ঘটলেও নারী শীর্ষ খেলোয়াড়দের প্রায় সবাই জয় পেয়েছেন নিজ নিজ ম্যাচে। শুক্রবার আরিনা সাবালেঙ্কা হারিয়েছেন ডেনমার্কের ক্ল্যারা টওসনকে। ১১তম বাছাই পাওলা বাদোসা জিতেছেন মার্তা কস্তইউকের বিপক্ষে। জয় পেয়েছেন ১৪তম বাছাই মিরা আন্দ্রিভাও। তবে পুরনো ইনজুরি ফিরে আসায় তৃতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে অগত্যা রণেভঙ্গ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের যাত্রা শেষ হয়ে গেছে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাওমি ওসাকার। হেরে গেছেন ৭ম বাছাই জেসিকা পেগুলাও। সাবেক নাম্বার ওয়ান জাপানের তারকা নাওমি তৃতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনসিচের বিপক্ষে। ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। এরপর পেটের ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে। ৬-৫ গেমে এগিয়ে থাকাকালে ফিজিওর শরণাপন্ন হতে বাধ্য হন নাওমি। খেলা টাইব্রেকে গড়ালে সেটটি জিতে নেন বেনসিচ। ভুগতে থাকা নাওমি এরপরই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ম্যাচশেষে বেনসিচ বলেন, ‘নাওমির জন্য আমার অনুভূতি কাজ করছে। আমি দেখেছি শেষের দিকে তিনি বেশ কষ্ট পাচ্ছিলেন। এভাবে আপনি কখনোই ম্যাচ শেষ করতে চাইবেন না।’ তিন বছর পর কোনো গ্র্যান্ড সø্যামের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন নাওমি। চতুর্থ রাউন্ডে কোকো গফের মুখোমুখি হবেন ফেদেরারের দেশের বেনসিচ।

২০২৩ ইউএস ওপেনজয়ী কোকো গফ গত বছর আসরের সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কার কাছে হেরে বাদ পড়েছিলেন। বলেন, ‘গত বছরে আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল কোনো কিছুই গ্র্যান্টেড হিসেবে নেওয়া যাবে না।’ কোকোর মতো মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেননি সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জেতার পথে তৃতীয় রাউন্ডে ক্ল্যারা টওসনকে ৭(৭)-৬ (৫) ও ৬-৪ ব্যবধানে হারিয়েছেন নাম্বার ওয়ান এ বেলারুশিয়ান। চতুর্থ রাউন্ডে ১৭ বছরের মিরা আন্দ্রিভার মুখোমুখি হবেন তিনি। আর সব ঠিক থাকলে এবারও সেমিতে কোকোর মুখোমুখি হবেন সাবালেঙ্কা।

পুরুষ এককে কোর্টে নেমে জয় পেয়েছেন দ্বিতীয়, তৃতীয় ও ১২তম বাছাই আলেকজান্ডার ভেরেভ, কার্লোস আলকারাজ ও টমি পল। জয় পেয়েছেন কিংবদন্তি নোভাক জকোভিচও। ২৬তম বাছাই টমাস মাশাচের বিপক্ষে নেমে খেলার মাঝপথে জকোভিচ শ্বাসের কষ্টে ভুগলেও ম্যাচে তার প্রভাব পড়েনি। ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে জয় পেয়েছেন এ সার্বিয়ান। তার ক্যারিয়ারের ২৪ গ্র্যান্ড সø্যামের ১০টি ট্রফিই এই অস্ট্রেলিয়ান ওপেন জিতে পাওয়া। এককভাবে রেকর্ড ২৫ গ্র্যান্ড সø্যাম জয়ের পথে থাকা জকোভিচ জানান, ‘আমার মনে হয় আমি খুব ভালো খেলেছি। নিজের খেলা নিয়ে আমি খুব খুশি।’ আলকারাজ অবশ্য একটি সেটে হারের সম্মুখীন হন। নুনো বরজেসের বিপক্ষে প্রথম দুই সেট ৬-২, ৬-৪ ব্যবধানে জিতলেও ৬ (৩)-৭ (৭) গেমে তৃতীয় সেটে হেরে যান। পরের সেটটি ৬-২ গেমে জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন এ স্প্যানিশ তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত