রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকলে আরোহী তিন বন্ধু এবং বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজধানীর মিরপুর কালশীর এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫) দুর্ঘটনায় নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন সাকের আলী (১৬), নবী হোসেন (৪৫) ও সাখাওয়াত হোসেন (৩৫)।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী আদম আলী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনায় আহত হন মৃত আদম আলীর ছেলে সাকের আলী, ভাতিজা নবী হোসেন ও মেয়ের জামাই সাখাওয়াত হোসেন। তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তারামপুর গ্রামে। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার ছেলে সাকের আলী অসুস্থতার কারণে বৃহস্পতিবার তারা চারজন ঢাকায় আসেন চিকিৎসার জন্য। অটোরিকশায় ধানম-ি পপুলার হাসপাতালে যাওয়ার পথে আসাদ গেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।
এদিকে, মিরপুর কালশী এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন সিয়াম। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিয়ামের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রুপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে অন্য এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ : রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হাসান (২৩) নামে আরেক যুবক আহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি মাদারীপুরের শিবচর থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। গনি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির মেকানিকের কাজ করতেন।
বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। গতকাল ভোরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আটজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাকচালক মাহাবুব হোসেনকে (৪৫) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
কাশিয়ানীতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত : গোপালগঞ্জে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑবিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।
মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) এবং সুরেশ বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া (৩৭)।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন, চট্টগ্রাম ব্যুরো, বরিশাল ও গোপালগঞ্জ প্রতিনিধি।
