কবি নজরুলের নাতির শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর (৫৯) শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সকালে রাজধানীর বনানীতে নিজ বাসার বাথরুমে ধূমপানের জন্য গ্যাস লাইটার জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবুল কাজী দগ্ধ হন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় বাথরুমে ধূমপানের কারণে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন বাবুল কাজী। উনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

কাজী নজরুলের ছেলে কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত