কিছুদিন আগে সাইফ আলি খানের উপর হামলা নিয়ে কথা বলার সময় নিজের হীরের ঘড়ি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন উর্বশী রাউটেলা। অসংবেদনশীল মন্তব্য করে তীব্র ট্রলের মুখে পড়েন অভিনেত্রী। আর তাতেই তার উপর বেজায় বিরক্ত ছিলেন নেটিজেনরা।
এবার এই ঘটনায় পতৌদি নবাবের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী।ইনস্টাগ্রামে একটি নোট লিখে সাইফ আলি খানের কাছে ক্ষমা চান তিনি।
অভিনেত্রী জানান, তিনি আসলে ঘটনার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারেননি।
সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠিতে উর্বশী লেখেন, ‘প্রিয় সাইফ আলি খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি 'ডাকু মহারাজ' নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় আর আমার পাওয়া উপহারের মধ্যে ডুবে ছিলাম। তাই আপনি ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝে উঠতে পারিনি।’
উর্বশী আরও লেখেন, ‘আমি এই বিষয়টি নিয়ে অসংবেদনশীল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’
তার কথায়, সাইফ আলি খানের সাহসিকতার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। উর্বশীর লেখেন, ‘আমি যদি কোনওভাবে আপনার পাশে থাকতে পারি, তাহলে দয়া করে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি।’
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে উর্বশীকে সাইফ আলি খানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। তখন উর্বশী ‘এটা খুবই দুর্ভাগ্যজনক’ বলার পরই নিজের ছবি 'ডাকু মহারাজ' ও নিজের পাওয়া উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। বলেন, ‘ডাকু মহারাজ বর্তমানে বক্স অফিসে ১০৫ কোটি রুপি আয় করে ফেলেছে। এজন্য আমার মা আমাকে এই হীরাখচিত রোলেক্স ঘড়িটি উপহার দিয়েছেন, আর আমার বাবা আমাকে এই আঙুলে পরার ছোট্ট ঘড়িটি উপহার দিয়েছেন। তবে আমি এগুলি প্রকাশ্যে পরতে আত্মবিশ্বাসী বোধ করি না। কারণ আমাদের উপর যে কেউ আক্রমণ করতে পারে, নিরাপত্তাহীনতা রয়েছে। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।’
আর উর্বশীর এই মন্তব্যের পরই তার উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা। অনেকেই লেখেন, উর্বশী হামলা নিয়ে কথা বলার থেকে তার দাবি উপহার দেখাতে বেশি আগ্রহী। তীব্র ট্রলের মুখে পড়তে হয় তাকে। আর সেই ঘটনার জেরেই এবার ক্ষমা চাইলেন।
এদিকে গত বৃহস্পতিবার সাইফ আলি খানের নিজ বাড়িতে তার ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে সূত্রের খবর, সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পতৌদিদের ছোট নবাব।
৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’
আমি কম বাজেটের ছবি করি না: অধরা খান