মুন্সীগঞ্জে নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতি বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং জেলা জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। 

শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে বেলা ১২ টার দিকে মানববন্ধন করে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আধঘণ্টার মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে লঞ্চ টার্মিনাল প্রদক্ষিণ করে।

মানববন্ধনে জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, জেলা ড্রেজার মালিক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, নৌযান শ্রমিক মো. সুজন, উজ্জল মিয়া প্রমুখ।

বক্তৃতায় বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সধাারণ সম্পাদক মো. সবুজ শিকদার বলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। প্রতিনিয়ত বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে নৌযান শ্রমিকদের মারধর ও নির্যাতন করা হচ্ছে। অনতিবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত নৌডাকাত বাহিনী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত