দেশের একটি বেসরকারি টেলিভিশনে হিজাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক-শোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছে 'চ্যানেল আই'।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় টকশোতে।
এ সময় নাফিসা হিজাব পরে টকশোতে অংশ নেওয়ার কথা জানালে, কর্তৃপক্ষ হিজাব পরে টকশোতে অংশ নেওয়া যাবে না বলে জানান।
চ্যানেল আই তাদের বিবৃতিতে জানিয়েছে, '৩৬ জুলাই' অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার (আতোয়ার শিকদার) বক্তব্য 'চ্যানেল আই' এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পপিন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে 'চ্যানেল আই' এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে দুপুরে এক পোস্টে নাফিসা জানান, আজ (রবিবার) বিকেল ৩টায় একটি বেসরকারি টেলিভিশনে তাকে একটি টকশোতে আমন্ত্রণ জানানো হয়। তিনি ওই চ্যানেলকে জানান যে, ‘আমি নিকাব পরে টকশোতে এটেন্ড করবো।’ তখন ওই চ্যানেলের কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয়, নিকাব করে টকশোতে অংশ নেওয়া যাবে না।
তিনি আরো জানান, নিকাবের শর্ত তুলে দিয়ে তিনি মাস্ক পরে টকশোতে অংশগ্রহণের কথা জানান টিভি চ্যানেলটিকে। কিন্তু চ্যানেলটি তার এ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করে এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য আমন্ত্রণের কথা জানায়।
নাফিসা ইসলাম সাকাফি ফেসবুকে এই পোস্টটি করার পর বিষয়টি নিয়ো আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। এর প্রেক্ষিতে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে চাকরি থেকে অব্যাহতি দিল 'চ্যানেল আই'।
চ্যানেল আই আমাকে হিজাব নিয়ে কোনো রুলস দেয়নি: জেরি
নিকাব পরার স্বাধীনতা নিয়ে যা বললেন সারজিস আলম
টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা থাকলে, নিকাব পরে থাকবে না কেন?: সারজিস