আশুলিয়ায় একটি যাত্রীবাহী বেপরোয়া বাসচাপায় শিলা বালা (২৭) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় চালকসহ বাসটি জব্দ করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিলা বালা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখী গ্রামের প্রবাশ চন্দ্রর মেয়ে। তিনি স্বামী রঞ্জন ও মেয়েকে নিয়ে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়াটিয়া ছিলেন। এছাড়া হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিমিটেড (এডিএল) নামক তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দেয়। পরে আশুলিয়া স্মার্ট পরিবহন নামের একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয় জনতা বাসসহ চালককে আটক করে পুলিশে দেয়।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে বাংলাবাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ডে আসেন ওই নারী শ্রমিক। পরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক পারাপারের সময় আশুলিয়া স্মার্ট পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার এসআই আশরাফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনাস্থল থেকে বাসটির চালককে আটক ও দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
পালিয়ে বাংলাদেশে এসে আটক ভারতীয় গৃহবধূ ও তার প্রেমিক
১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা