বিশ বছর পর বেড়ে ২০ হাজার টাকা সম্মানী হলো স্বাধীন বাংলা ফুটবল দলের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্যদের জন্য মাসিক সম্মানী ২০ হাজার টাকা নির্ধারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় দুই দশক ধরে তারা মাসিক ৩ হাজার টাকা সম্মানী পেয়ে আসছিলেন, যা বর্তমান প্রেক্ষাপটে অগ্রহণযোগ্য ছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।

ভাতা বৃদ্ধির প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। সদস্য ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুন নাঈম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ)।

কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ১৩ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে মাসিক ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই সুপারিশ অনুমোদন দিয়ে আজ একটি নির্দেশনা জারি করেছে।

স্বাধীন বাংলা ফুটবল দলের বর্তমান জীবিত সদস্য সংখ্যা ১৯ জন। তারা সবাই এই ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানালেও তা এতদিন বাস্তবায়িত হয়নি। স্বাধীন বাংলা ফুটবল দলের এই সম্মানী জাতীয় ক্রীড়া পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়। এজন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন পড়ে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা বিদেশের মাটিতে ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের ফান্ডে প্রদান করেন। এ রকম নজির বিশ্বে খুবই বিরল। তবে দীর্ঘদিন ধরে তাদের সম্মানী ছিল অত্যন্ত নগণ্য। এমনকি কিছু সময় এই ভাতা স্থগিতও ছিল।

স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্য ও তাদের পরিবার এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই উদ্যোগ মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের অবদানের প্রতি সামান্য হলেও শ্রদ্ধা জানানো।

অবশেষে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের জন্য সম্মানী বৃদ্ধি আলোর মুখ দেখল, যা তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সমুন্নত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত