অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরও বাধ্য হয়ে খেলা ছাড়তে হয় ব্রিটেনের জ্যাক ড্রেপারের। তাতে ওয়াকওভার পেয়েই কোয়ার্টারে ওঠেন কার্লোস আলকারাজ। অন্য ম্যাচে জিরি লেহেকাকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নোভাক জকোভিচ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এ দুজন ফিরিয়ে আনতে যাচ্ছেন গত বছরের উইম্বলডন ও অলিম্পিক ফাইনালের স্মৃতি। চতুর্থ রাউন্ডের বাধা পেরিয়েছেন নারীদের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কাও। বছরের প্রথম সেট হারের দিন শেষ আটে উঠেছেন কোকো গফ।
মেলবোর্নে এদিন ছিল আসরের সবচেয়ে উষ্ণতম দিন। তাপমাত্রার পারদ উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। বিশ্বের ২৪তম বাছাই চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকা অবশ্য এমন দিনেও সুবিধা করতে পারেননি ৩৭ বছরের জকোভিচের বিপক্ষে। ৬-৩, ৬-৪ ও ৭(৭)-৬(৪) গেমের ব্যবধানে সরাসরি সেটে লেহেকাকে উড়িয়ে দেন জকোভিচ। আলকারাজের প্রথম সেট জিততে যথেষ্ট ঘাম পোহাতে হয়েছে। তারপরও ৭-৫ ব্যবধানে জিতে নিয়েছিলেন সেটটি। তারপরই হিপ ইনজুরি ফিরে আসে ড্রেপারের। নেন টাইম আউট। দ্বিতীয় সেটে আর দাঁড়াতে পারেননি। হারেন ১-৬ ব্যবধানে। তারপরই ইস্তফা দেন খেলা থেকে। এই জয়ে আলকারাজ গড়েছেন একটি কীর্তি। বয়স ২২ হওয়ার আগেই টেনিসের উন্মুক্ত যুগে ১০টি গ্র্যান্ড সø্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নাম লিখিয়েছেন বরিস বেকার, ম্যাটস উইল্যান্ডার ও বিয়র্ন বর্গদের পাশে। তবে পরের রাউন্ডেই জকোভিচ অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে আলকারাজের সামনে। বিশ্বের সপ্তম বাছাই হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছেন জকোভিচ। এ জন্যই কোয়ার্টারের মতো রাউন্ডেই আলকারাজের মুখোমুখি হতে হচ্ছে তাকে।
আরিনা সাবালেঙ্কা এদিন ছিলেন দোর্দ- প্রতাপে। ১৪তম বাছাই ১৭ বছরের রাশিয়ান তরুণী মিরা আন্দ্রিভাকে ৬-১, ৬-২ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দেন সাবালেঙ্কা। যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় রবিবার বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। টিকটক বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন দেশটির টেনিস তারকা কোকো গফ। অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডের ম্যাচে বেলিন্দা বেনচিচকে ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে হারানোর পর টেলিভিশন ক্যামেরায় টিকটকের জন্য ‘শোকবার্তা’ লেখেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। ম্যাচ শেষে টিভি ক্যামেরার লেন্সে মার্কার দিয়ে গফ লেখেন, ‘শান্তিতে ঘুমাও টিকটক ইউএসএ।’ লেখার সঙ্গে মন খারাপের একটি ও প্রতীকও এঁকে দেন ২০ বছর বয়সী এই টেনিস তারকা।
