লিগে ফিরেই ফের হোঁচট বার্সার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:২০ এএম

স্প্যানিশ সুপার কাপ জয়ের পর কোপা দেল রের ম্যাচেও দারুণ খেলেছিল বার্সেলোনা। টানা দুই ম্যাচে তারা দিয়েছিল ৫ গোল। তবে লিগ ম্যাচে ফিরেই আবারও হোঁচট খেল বার্সেলোনা। লিগে নিজেদের আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল কাতালান ক্লাবটি। এবার বার্সেলোনা শুরুতে এগিয়ে গিয়েও (১-১) ড্র করেছে পয়েন্ট টেবিলে তলানির দিকে থাকা গেতাফের সঙ্গে। বার্সেলোনা টানা পাঁচ মৌসুম লিগে গেতাফের মাঠে জিততে পারল না। এবার গোলের অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

গেতাফের মাঠে নবম মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় জুলেস কুন্দের গোলে। ৩৪ মিনিটে গিতাফের আরামবারি গোল শোধ দেন। ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম এবং জয়ের সুযোগও পেয়েছিলাম। আমি প্রচণ্ড হতাশ যে, আরও গোল করতে পারিনি। সুযোগ তৈরি করেছি, তবে লক্ষ্যে বল রাখতে পারিনি। আবারও বলছি, আমাদের সুযোগ ছিল, বিশেষ করে প্রথমার্ধে।’

একই দিনে লেগানেসের কাছে (১-০) হেরেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। তাই বার্সার সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। অবশ্য আশা ছাড়ছেন না ফ্লিক। ‘পথের এখনো অনেক বাকি এবং শেষ পর্যন্ত লা লিগা জয়ের চেষ্টা করে যাব আমরা।’  ২০ ম্যাচে ৩৯ পয়েন্টে তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ৪৩ পয়েন্টে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের গতকাল ম্যাচ ছিল পালমাসের বিপক্ষে। সেটিতে জয় পেয়ে থাকলে শীর্ষে উঠে যাবে রিয়াল মাদ্রিদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত