আজ দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

আবারও বিশ্ব ক্ষমতার শীর্ষ আসনে বসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরের ভোটে জয়ী ট্রাম্প আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউজে পা রাখছেন। বিশ্লেষকরা বলছেন, এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন ট্রাম্প।

এদিকে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো বরণ করতে প্রস্তুত ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটল (পার্লামেন্ট ভবন)। আজ সোমবার সেখানেই হবে তার জমকালো শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন হচ্ছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা। অভিষেক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট। থাকছে সিসিটিভি ক্যামেরাও।

এদিকে, আজ ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠান্ডা পড়তে পারে এমন আশঙ্কায় অভিষেক অনুষ্ঠান কংগ্রেসের ভেতরে দেয়ালঘেরা হলঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঠান্ডার কারণে চার দশকের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের অভিষেক ইনডোরে হতে যাচ্ছে।

শপথ অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিপুলসংখ্যক রাজনীতিক, প্রশাসনের শীর্ষ কর্তারা, বিদেশি অতিথিসহ প্রচুর মানুষ। তাই নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেখানে। ডয়চে ভেলের খবরে বলা হয়, নিরাপত্তার জন্য ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট সমন্বিত হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলার আশঙ্কা রয়েছে। শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি হবে একটি বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের সিইও শৌ চিউসহ আরও অনেকে এই অনুষ্ঠানে ভিআইপি আসনে থাকবেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ তাদের স্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন। থাকবেন এবং বারাক ওবামাও, তবে মিশেল ওবামা আসবেন না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত থাকবেন।

প্রথাগতভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইতালি ও হাঙ্গেরির ডানপন্থি নেত্রী জর্জিয়া মেলোনি ও ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-কে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও অরবান অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। আর অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের কোনো জ্যেষ্ঠ নেতা সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে শপথ নিতে দেখবেন।

ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীর। মেক্সিকো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে তাদের ফেরত পাঠানো হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। স্থানীয় সময় গত ১২ জানুয়ারি মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন বহু অভিবাসী। তাদের দাবি, সংঘবদ্ধ অপরাধ, হুমকি ও চাঁদাবাজি থেকে রেহাই পেতে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত