কেমন আছেন সাইফ, বাড়ি ফিরবেন কবে? 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম

আপাতত বিপদ মুক্ত সাইফ আলি খান। দ্রুতই সেরে উঠছেন অভিনেতা। উদ্বিগ্ন অনুরাগীদের এমন খবরই দিলেন অভিনেতার বোন সোহা আলি খান।

তিনি জানান, “আমরা খুবই আনন্দিত যে দাদা (সাইফ আলি খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনও বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।” 

এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই রবিবার হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জে। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই দুষ্কৃতীকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হন সাইফ আলি খান। তাকে কমপক্ষে ৬ বার ছুরিকাঘাত করে আততায়ী। তিনদিন পর রবিবার সকালে গ্রেপ্তার হয় অভিযুক্ত। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে মোহাম্মদ শরিফুল শেহজাদকে গ্রেপ্তার করে বান্দ্রা থানার পুলিশ।  

সাইফের ওপর হামলার কারণ, এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অভিনেতার উপর হামলার নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সে কারণে আততায়ীকে ৫ দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে হামলা চালাল সে, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত