পঞ্চগড়

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ৮

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ৮জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩) এবং কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ে বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬ নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা। আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।


শহীদুল ইসলাম শহীদ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত