নারায়ণগঞ্জ

১২ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধের ঘোষণা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আরএন নীট টেক্সটাইল থেকে মিছিল নিয়ে পুলিশ লাইনের সামনে এসে রাস্তায় অবরোধ করে তারা।

বিষয়টি সমাধানের জন্য মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশ। পরে দুপুর ১টার দিকে অবরোধ ছেড়ে চলে যায় শ্রমিকরা। অবরোধের কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। 

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো- সকল শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বৃদ্ধি করতে হবে। সকল শ্রমিকদের (প্রোডাকশন ও বেতন) বাৎসরিক অর্জিত ছুটির টাকা দিতে হবে। ৭ কর্ম দিবসে বেতন পরিশোধ করতে হবে, হাজিরা বোনাস পাঁচশ টাকা দিতে হবে (প্রোডাকশন ও বেতন)। সরকার ঘোষিত নূন্যতম ১২ হাজার ৫০০ টাকা বেতন দিতে হবে। রিজাইন দিলে শ্রম আইন অনুযায়ী প্রোডাকশন ও বেতনের শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে হবে। স্ব-বেতনের শ্রম আইন অনুযায়ী মাতৃকালীন ছুটি দিতে হবে। প্রোডাকশন শ্রমিকদের ছয়টার পর কাজ করলে ওভার টাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। কাজ না থাকলে বেসিকের সমপরিমাণ হাজিরা দিতে হবে। সকল শ্রমিকদের নাইট বিল ৬০ টাকা দিতে হবে। শ্রম আইন অনুযায়ী মাসিক বেতন ও প্রোডাকশন শ্রমিকদের দুই ঈদের দুইটি বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। অবিলম্বে প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলা সুইয়িং ইনচার্জ আশিকের চাকরি থেকে অপসারণ করতে হবে। বহিরাগত সন্ত্রাসীসহ পুলিশ দিয়ে হয়রানি করা চলবে না।

এদিকে বিকেলে কারখানা বন্ধের নোটিশ সাটিয়ে দেয় আরএন নীট টেক্সটাইল লিমিটেড এবং ইউনাইটেড কসটিউম লিমিটেড। নোটিশে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত