রাষ্ট্রের বিভিন্নখাতে সংস্কারে গঠিত ৬টি কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ছয় কমিশন হলো- সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
এর আগে গত ১৫ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার দিনে সরকারের হাতে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। তবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন ৩১ জানুয়ারি মেয়াদ শেষ হলেও এখনো প্রতিবেদন জমা দেয়নি।
প্রসঙ্গত, সরকার গঠনের পর গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। পরে ৩ অক্টোবর অন্য পাঁচটি সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সবগুলো কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো কমিশনের মেয়াদ ২ জানুয়ারি শেষ হয়। সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় ৪ জানুয়ারি।
এরপর গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রতিবেদন দিতে সেগুলো ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে।
