হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

ফর্মের তুঙ্গে থাকায় অবস্থায় আইপিএলে অন্তত তিনবার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আসন্ন পিএসএলের প্লেয়ার ড্রাফটসে তিনি দল পাননি। শুধু লিটন দাস, নাহিদ রানা আর রিশাদ হোসেন খেলবেন পিএসএলে। তবে দল না পেলেও হতাশ নন তাসকিন। হতাশা তাকে আর স্পর্শ করে না।

গতকাল রাতে বিপিএলে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসা তাসকিনকে প্রশ্ন করা হয় পিএসএলে দল না পাওয়ার ব্যাপারে। জবাবে তিনি বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’

গত সোমবার পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস, নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে দল না পেলেও আশা ছাড়েননি তাসকিন, ‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত