বদিউল আলম মজুমদার

গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

গুম, খুন ও নির্বিচারে বিচারবর্হিভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, গুম, খুন ও হত্যায় জড়িতরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কেননা আমরা অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তবে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যারা অন্যায় করেছে, তারা যেন বিচারের আওতায় আসে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক আরও বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে, তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। আমরা অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুরবৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধসহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করাসহ নানা ধরনের সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, গত তিন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

তিনি বলেন, প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে। এমন সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে।

আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত