অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে কঠিন সময় কাটিয়েছেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকার ট্রফিতে রানখরা তাকে হতাশ করেছে, যেখানে পাঁচ টেস্টের নয় ইনিংসে মাত্র ১৯০ রান করেছেন তিনি। তার গড় ছিল ২১.১১। একমাত্র পার্থ টেস্টে সেঞ্চুরি ছাড়া গোটা সিরিজে তিনি ছিলেন ছন্দের বাইরে।
এই পারফরম্যান্সে অবাক হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক অনুষ্ঠানে সৌরভ বলেন, 'বিরাটের মতো খেলোয়াড় জীবনে একবারই তৈরি হয়। তার ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, যা ভাবাই যায় না। আমার মতে, সে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা খেলোয়াড়।'
তবে লাল বলের ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম নিয়ে হতাশা প্রকাশ করেন সৌরভ। তিনি বলেন, 'পার্থে সেঞ্চুরি করার পর এটা বিরাটের জন্য ভালো সিরিজ হতে পারত। কিন্তু সে ফর্ম ধরে রাখতে পারেনি। প্রত্যেক খেলোয়াড়ের দুর্বলতা থাকে, তবে সেটা মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ।'
সৌরভ আশা করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট আবার ছন্দে ফিরবেন। 'আমি নিশ্চিত সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করবে। ইংল্যান্ড সফর তার জন্য চ্যালেঞ্জিং হবে, তবে তার সাদা বলের রেকর্ড অসাধারণ। ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার,' বলেন সৌরভ।
রোহিত শর্মারও প্রশংসা করেছেন সৌরভ। 'রোহিত সাদা বলের দুরন্ত খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আরও দুর্দান্ত রোহিতকে দেখব,' যোগ করেন তিনি।
তবে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতকে আরও ভালো করতে হবে বলে মনে করেন সৌরভ। 'বিদেশে প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করলেই তুমি ম্যাচে ভালো জায়গায় থাকবে,' মন্তব্য করেন তিনি।
বিরাটের অফ ফর্ম ও ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স নিয়ে আলোচনা জোরদার হলেও, সৌরভের মতো সাবেক ক্রিকেটাররা এখনও বিশ্বাস করেন যে ভারতীয় দল বিশ্ব মঞ্চে নিজেদের সেরা প্রদর্শন করতে সক্ষম।
ফেডারেশন কাপ: আবাহনীর ৩ রহমতগঞ্জেরও ৩
সব ফরম্যাটে ইংল্যান্ডের ওপেনার হচ্ছেন বেন ডাকেট