সংস্কারের নামে নির্বাচন বিলম্বে হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে: প্রিন্স

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। তিনি বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, একদিন একমাস অথবা এক বছরের মধ্যেই সম্ভব নয়। তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হওয়া উচিত। সংস্কারের নামে কাল বিলম্ব না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা এবং আন্তরিকতা ধারণ করে বিএনপি নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবনবাজি রেখে কাজ করেছেন, ঠিক একইভাবে আমাদেরকেও কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে টেকসই সংস্কার এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে ফেলেছিল। দুর্নীতি, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার অবৈধ অর্থ ও সম্পদ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের বিচার অবশ্যই হতে হবে।

প্রিন্স বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতদের শাসনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশে পূর্ণাঙ্গ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। দেশকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মো. শাকেরউল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসান বদরুল কবীর, আলী আশরাফ প্রমুখ বক্তব্য রাখেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত