আইন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘণ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা প্রত্যর্পণের (শেখ হাসিনাকে) জন্য ভারতকে চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তবে এটা বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রয়েছে, সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সাড়া না দিলে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের যা যা করণীয় আছে, আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ২৫ জেলায় আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

‘স্পিচ অফেন্স’ মামলাও শিগগির প্রত্যাহার হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে করা ৩২২টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার বিচার চলছে। এগুলো প্রত্যাহার করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের  ভূমিকা রাখার অবকাশ আছে। এসব মামলার মধ্যে সরকারি কৌঁসুলির মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত যতগুলো মামলা আছে সব প্রত্যাহার করা হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত