অভিষেক থেকে টানা কয়েক বছর প্রতি ঈদে দুই কিংবা একাধিক সিনেমা নিয়ে হাজির হতে দেখা গেছে শবনম বুবলীকে। এরপর থেকে তাকে অনেকে উৎসবের নায়িকাও বলে থাকেন। এরমধ্যে মাঝে ছন্দপতন হলেও আবারও পুরনো রূপেই ফিরছেন এই নায়িকা।
আসছে ঈদুল ফিতরেও দুই সিনেমা নিয়ে আসছেন বুবলী। এরমধ্যে একটি এম রাহিম পরিচালিত ‘জংলি’ এবং অন্যটি জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’।
সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘পিনিক’ সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে বুবলীকে দেখা গেছে খাঁচাবন্দি রূপে! পোস্টারে নায়িকার মুখ থেকে গলা পর্যন্ত খাঁচায় ঢাকা এবং চোখে রোদচশমা। বুবলীর ছবির পাশে লেখা আছে, ‘ভক্ষকের অন্তরে লুকানো ভক্ষণের রস, শক্তির গভীরে আবিষ্কৃত মধুর স্বাদ।’
সিনেমার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে মুক্তির তারিখও জানালেন এর নির্মাতা। ঘোষণা দিলেন, আসন্ন ঈদেই মুক্তি পাবে সিনেমাটি।
অ্যাকশন, রোমান্স, সাসপেন্সে ভরপুর এই সিনেমাটি মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার। পরিচালকের মতে, প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পের এই সিনেমার প্রায় সবগুলো চরিত্রই নেতিবাচক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে।
‘পিনিক’ নিয়ে এই নায়িকার ভাষ্য, সিনেমাটি দর্শকদের একটা ঘোরের মধ্যে নিয়ে যাবে। অনেকদিন ধরেই এমন এক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, পিনিকে আমার চরিত্রটি তেমনই।
ঈদের সিনেমা প্রসঙ্গে শবনম বুবলী বলেন, দুটি গল্প দুই রকম। একদমই ভিন্ন। আমার বিশ্বাস দুটো সিনেমাই এবারের ঈদে আলোচনায় থাকবে।
‘পিনিক’ সিনেমাতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এটি এই জুটির তৃতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত নায়িকা কেয়া আল জান্নাহসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা।
অন্যদিকে ‘জংলি’ সিনেমাতে তার নায়ক সিয়াম আহমেদ। তারা আগে ওটিটিতে জুটি হলেও সিনেমায় এবারই প্রথম। সিনেমাটিতে বুবলী ছাড়াও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
এদিকে জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। প্রিন্স মাহমুদের কথা-সুর এবং ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও আনিসা।