ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ড. ইউনূস

শেখ হাসিনার আমলে ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে। এ সময় প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধান উপদেষ্টা এই তথ্য জানান।

বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।’

এ সময় অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।

অধ্যাপক ইউনূস জানান, সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত