ট্রাম্পকে খুশি করতে ১৮ হাজার অবৈধ নাগরিক ফিরিয়ে নেবে ভারত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এসব সিদ্ধান্তের একটি নতুন অভিবাসন নীতি। সিনেটে এ নিয়ে একটি বিল পাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিল মোতাবেক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের ফেরত পাঠানোর নতুন নয়ম জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। এরই জেরে এবার ১৮ হাজার অবৈধ ভারতীয়র যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।

ব্লুমবার্গের বরাতে ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ১৮ হাজার ভারতীয়ের যে হিসাবের কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে।

প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক সূত্রের বরাতে জানানো হয়, ভারত যাচাই করে নির্বাসন প্রক্রিয়া শুরু করবে। তবে এই সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ ভারতীয় অভিবাসী বাস করেন তা স্পষ্ট নয়।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে। যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ অবৈধ অভিবাসী ভারতের।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। মূলত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে নয়াদিল্লি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত মনে করছে, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনলে ট্রাম্প প্রশাসন দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে স্টুডেন্ট ভিসা ও দক্ষ কর্মীদের জন্য এইচ-১ বি প্রোগ্রামের নিশ্চয়তা দেবে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যে ৩ লাখ ৮৬ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়েছে, যার তিন-চতুর্থাংশই ভারতীয় নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত