গ্রাহকদের বিলের ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রাম ওয়াসার দুই কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত সোমবার বিকেলে সংস্থাটির ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন অভি (২৭) ও মিঠুন ঘোষকে (৩১) নগরের চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
এর মধ্যে অভি ঢাকা জেলার দোহার থানাধীন শাহ হাফিজ মাস্টার বাড়ির মো. আতিয়ার রহমানের ছেলে। মিঠুন ঘোষ চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট খান মোহনা গ্রামের আলমপুর সেনের বাড়ির অরুণ কান্তি ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে গত সোমবার বিকেলে থানায় সোপর্দ করে ওয়াসা কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। দুজনের বিরুদ্ধে গ্রাহকের বিলের ২১ লাখ ৭ হাজার ৮৬২ টাকা আত্মসাতের অভিযোগ করেছে ওয়াসা কর্তৃপক্ষ। তবে ঘটনার তদন্ত চলছে।
ওয়াসার কর্মকর্তাদের অভিযোগ, দুই কর্মচারী আইসিটি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন। গ্রাহকের বকেয়া বিলের টাকা তারা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। অথচ ব্যাংকে টাকা জমা হওয়ার তথ্য কম্পিউটারের সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা
গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম