প্রেমিকের সঙ্গে ঝগড়া, ফাঁস দিয়ে নিজেকে শেষ করলেন ছাত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় নিজ বাড়িতে শারমিন আক্তার পপি (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে শনিরআখড়া কাজিরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শারমিনের বাবা আব্দুস সোবহান জানান, কাজিরগাঁও এলাকায় তাদের নিজেদের বাড়ি। শারমিন শনিরআখড়া নবারুন স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার ইন্টারমিডিয়েট পাস করেছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি চেষ্টায় ছিল। একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানে সে আত্মহত্যা করেছে। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত