আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে ব্যর্থ হওয়ায় খুলনা মহানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে অপসারণ দাবি করেছে খুলনা বিএনপি। বিশেষ করে খুলনা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মুনীর উল গিয়াসকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদার হত্যাকা-, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও ছাত্রদলকর্মী নওফেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহানগরীর আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকা- সংঘটিত হচ্ছে। বিএনপির দুজনসহ গত চার মাসে মহানগরীতে ১০টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ছাড়া মাদক ব্যবসা বন্ধ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, খুন, জখম, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে গোপন বৈঠক করছেন। বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
নগরীর রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিকরা চরম নিরাপত্তায় রয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পিসি রায় রোড, যশোর রোড, ফেরিঘাট ঘুরে স্যার ইকবাল রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ প্রশাসনের ব্যর্থতা ও অপসারণ নিয়ে বিভিন্ন সেøাগান দেন নেতাকর্মীরা।
