দুর্বারের কাছেই প্রথম হার রাইডার্সের

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

টানা আট ম্যাচে জয় তুলে বিপিএলে একমাত্র দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। তবে জয়ের এই ধারায় বাঁধা হয়ে দাঁড়াল দুর্বার রাজশাহী। কাগজে-কলমে এবং পারফরম্যান্সে অনেক পিছিয়ে থাকা রাজশাহী ২৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দলকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে রংপুর। তাসকিন আহমেদ ও এসএম মেহেরবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পড়ে তারা। তাসকিনের বলে বোল্ড হয়ে শূন্য রানে বিদায় নেন ইরফান শুক্কুর। মেহেরবের বলে বোল্ড হন স্টিভেন টেলর (৪)। এরপর ইফতিখার আহমেদ প্রথম বলেই ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হন।

সাইফ হাসান (৪৩) ও খুশদিল শাহের (১৪) ৪০ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটি যথেষ্ট হয়নি। শেষদিকে সোহান ৪১ রান ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৩ রান করলেও রংপুর থামে ১৪৬ রানে। রাজশাহীর হয়ে রায়ান বার্ল একাই ২২ রানে ৪ উইকেট নেন। তাসকিন ও মেহেরব নেন ২টি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস (১৯) ভালো শুরু পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে এনামুল হক বিজয় (৩৪) ও সাব্বির রহমান (৩৯) দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি দেন।

ইনিংসের মধ্যভাগে ইয়াসির আলী রাব্বির দাপুটে ব্যাটিং রাজশাহীকে ম্যাচের নিয়ন্ত্রণে আনে। ২৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করা ইয়াসির ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষদিকে বিজয়ের বিদায়ের পর রাজশাহী দ্রুত উইকেট হারালেও ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাভেদ নেন ৩টি করে উইকেট।

রাজশাহীর হয়ে অধিনায়ক হিসেবে এটি ছিল তাসকিন আহমেদের প্রথম জয়। তার নেতৃত্বে দলটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সেরা চারে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে। অন্যদিকে, এই হারে রংপুরের টানা জয়ের রেকর্ডে ছেদ পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত