সিদ্ধিরগঞ্জে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে ঘটনা দুটি ঘটেছে।   

নিহতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। 

অপরজন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১ নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে। তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।  

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থান থেকে নিজের ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে দুটি মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের ফাঁসিতে ঝুলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত