গ্রাহকদের বিলের ২১ লাখ টাকা আত্মসাৎ

চট্টগ্রাম ওয়াসার সেই দুই কর্মচারীর জামিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

গ্রাহকদের বিলের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম ওয়াসার সেই দুই কর্মচারী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২২ জানুয়ারি) ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুই কর্মচারী হলেন— সংস্থাটির ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন অভি (২৭) ও মিঠুন ঘোষ (৩১)। এর মধ্যে অভি ঢাকা জেলার দোহার থানাধীন শাহ হাফিজ মাস্টার বাড়ির মো. আতিয়ার রহমানের  ছেলে। মিঠুন ঘোষ চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট খান মোহনা গ্রামের আলমপুর সেনের বাড়ির অরুণ কান্তি  ঘোষের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি  কৌঁসুলি (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, দুদক আইন ২০১৯ (সংশোধিত) অনুযায়ী দুদকের তফসিলভূক্ত  কোনো অপরাধে থানা সরাসরি এজাহার নিতে পারবে না।  সেক্ষেত্রে এজাহারকে অভিযোগ আকারে নিয়ে আসামি হেফাজতে থাকলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাধারণ ডায়েরিভুক্ত করে আসামিকে আদালতে প্রেরণ করবে। 

থানা পুলিশ আসামির বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জিডিসহ প্রেরণ করবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এটি স্যাংশনের জন্য প্রধান কার্যালয়ে পাঠাবে। এরপর এজাহার দায়ের হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত