ময়মনসিংহ বিভাগ হিসেবে সরকার কর্তৃক স্বীকৃতি পেয়েছে এক দশক আগে। কিন্তু এখনো ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পায়নি। এ বিষয়ে বিসিবিকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি স্থানীয় সংস্থা হিসেবে অনুমোদনপ্রাপ্ত। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ময়মনসিংহ এখনো আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পায়নি।
চিঠিতে বিসিবিকে অনুরোধ করা হয়েছে, ময়মনসিংহের সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের দাবি খতিয়ে দেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে।
গত ২১ জানুয়ারি ময়মনসিংহে আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াসংগঠক ও ক্রীড়াপ্রেমীরা। তাদের অভিযোগ, বিসিবির গঠনতন্ত্রের নতুন সংশোধনী খসড়ায় ময়মনসিংহকে আলাদা বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হলেও আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সংগঠকরা। তারা বলছেন, দেশের অন্যান্য বিভাগীয় ক্রীড়া সংস্থার মতো ময়মনসিংহকেও স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।
এনএসসির চিঠি ও স্থানীয় দাবির প্রেক্ষিতে বিসিবি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে এই স্বীকৃতি আনতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
