রাশিয়ায় সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ আশঙ্কার কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, আগে পাঠানো সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও পিয়ংইয়ং পরবর্তী পদক্ষেপ হিসেবে নতুন করে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগে পাঠানো সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং কিছু সেনাকে বন্দি করেছে ইউক্রেন। তবে উত্তর কোরিয়ার সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি জেসিএস। সেই সঙ্গে পিয়ংইয়ং একটি গুপ্তচর স্যাটেলাইট এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, উত্তর কোরিয়ার দুই সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে বন্দি হয়েছে। গত বছরের শরৎকালে যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের বন্দি করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত