অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের দ্বিতীয় ফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন। পুরুষ এককে সেমিফাইনালে সরাসরি সেটে তাকে হারিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান ২৩ বছর বয়সী ‘ইতালিয়ান স্ট্যালিওন’ খ্যাত সিনার। আরেক সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচের এবারের আসরের যাত্রা থেমেছে ইনজুরির কাছে হেরে। তাতে ফাইনাল নিশ্চিত হয়েছে দ্বিতীয় বাছাই ২৭ বছরের জার্মান তারকা আলেকজান্ডার ভেরেভের। ২৩টি এটিপি ট্যুরের শিরোপাজয়ী ভেরেভ নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে রবিবার মুখোমুখি হবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনারের।
শুক্রবার রড লেভার অ্যারেনায় প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড সø্যাম বিজয়ী জকোভিচ ও দুবারের গ্র্যান্ড স্ল্যাম রানার আপ ভেরেভ। ৮১ মিনিটের উত্তেজনা শেষে টাইব্রেকারে গড়ানো সেটটি শেষ হতেই নেটের দিকে এগিয়ে গিয়ে খেলা ছাড়ার ইঙ্গিত দেন ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জকোভিচ। ওই সময় হতবাক হয়ে যান ভেরেভ। সমর্থকরা প্রথমে মানতেই পারছিলেন না এ সিদ্ধান্ত, পরে দুয়োধ্বনির রব ওঠে অ্যারেনা জুড়ে। ম্যাচশেষে দুয়োর প্রতিক্রিয়ায় ভেরেভ বলেন, ‘আপনারা সবাই টিকিট কেটেছেন, চেয়েছেন পাঁচ সেটের সেমিফাইনাল উপভোগ করতে। কিন্তু আপনাদের বুঝতে হবে নোভাক গত ২০ বছর ধরে এই খেলাটির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি পেটের ইনজুরি নিয়ে, হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে জিতেছেন। উনি নিজে থেকে যখন খেলায় থাকতে পারছেন না তার মানে সত্যিই তার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না। তাই দয়া করে একজন খেলোয়াড়কে ইনজুরির জন্য বিদ্রুপ করবেন না। তার প্রতি শ্রদ্ধা দেখান।’
পায়ের পেশির ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে ম্যাচে মেডিকেল টাইমআউট নিতে হয়েছিল জকোভিচকে। কালও পায়ে স্ট্র্যাপ পেঁচিয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু প্রথম সেটের লড়াই সেই ইনজুরি আরও বাড়িয়ে দেয়। ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘ম্যাচের এক ঘণ্টা আগ পর্যন্তও এই ইনজুরি সামলাতে আমার পক্ষে যা যা করা সম্ভব তার সবটুকু করেছি। শেষের দিকে ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না।’ এর ফলে জকোভিচের হাতে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা দেখতে ভক্তদের অপেক্ষার প্রহর আরও প্রলম্বিত হলো। দ্বিতীয় সেমির তৃতীয় সেটে অসুস্থবোধ করেছিলেন ইয়ানিক সিনারও। কিন্তু ৭(৭)-৬(২), ৬-২ ও ৬-২ গেমে ম্যাচ জিতে নেন ঠিকই।
এদিকে আজ হ্যাটট্রিক শিরোপার কীর্তি গড়তে নারীদের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা ফাইনালে মুখোমুখি হবেন ইগা সোয়ানতেককে সেমিতে হারিয়ে ৭ বছর পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে ওঠা ১৯তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের।
