হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে (৩৭) প্রথমে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং সর্বশেষ ধানম-ি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সজলের ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সেকশন বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে একাধিক মোটরসাইকেলে সাত-আটজন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাম পায়ের হাঁটুতে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়। জয়ের দাবি, ব্যাগটিতে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাজারীবাগ এলাকা থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনরা নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা অভিযোগ করছিলেন, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।

স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজায় সজলের জুয়েলারির দোকান। আর বাসা হাজারীবাগ এলাকায়। প্রতিদিনই তিনি বেলা ১১টার দিকে সোনা ও টাকা নিয়ে দোকানে আসতেন, আবার রাতে নিয়ে বাসায় যেতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতেও বাসায় ফেরার সময় বেড়িবাঁধ এলাকায় মোটারসাইকেলযোগে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে দিতে না চাওয়ায় তার পায়ে গুলি করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে একটি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত