বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই ১/১১ সরকারের ছায়া।
শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
রিজভী বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।
তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সোচ্চার ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।
অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল উল্লেখ করে রিজভী বলেন, ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন এবং করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু সরকারের প্রয়োজনীয় সংস্কারে তাদের মনযোগ নেই।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তামান্নার চিকিৎসক হওয়ার স্বপ্ন কি ভেঙে যাবে?