বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় (বিডিইউ) থেকে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গত ৫ জুলাইয়ের পর বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ^বিদ্যালয় নাম রাখার দাবিতে একমত হয়ে সিদ্ধান্ত নেয় ওই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রস্তাবনায় সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এরই মধ্যে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাবনা গৃহীত হয়েছে। কিন্তু এ ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, ‘আমরা ছাত্র-প্রতিনিধিসহ সবাই গণস্বাক্ষর দিয়ে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি চেয়েছি। কিন্তু এত বিলম্ব কেন করা হচ্ছে? আমরা সবাই একযোগে চাই, খুব দ্রুত প্রজ্ঞাপনটি জারি করা হোক।’
