পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম জানতে চাইলে সবাই চোখ বন্ধ করে উত্তর দেবে মাউন্ট এভারেস্ট। এর উত্তরে কেউ যদি বলে এভারেস্টের থেকেও শতগুণ উঁচু দুটি পর্বত রয়েছে। তাহলে উত্তরদাতাকে ভুল ঠাউরাতে বিন্দুমাত্র দ্বিধা থাকার কথা নয়। কিন্তু বিস্ময় জাগালেও সত্য যে, এভারেস্টের চেয়ে প্রায় ১০০ গুণ উঁচু দুটি পর্বতের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এভারেস্টের মতো এই পর্বত দুটি ভূপৃষ্ঠের ওপরে নয়, তাদের অবস্থান ভূপৃষ্ঠের নিচে। বিজ্ঞানভিত্তিক জার্নালে নেচারে প্রকাশিত এক গবেষণার ফলে এই চমকপ্রদ সব তথ্য উঠে এসেছে।
নতুন এই গবেষণা বলছে, দানবীয় কাঠামো দুটি পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের সীমানায় রয়েছে। বিজ্ঞানীদের ধারণা এ দুটি পর্বতের মধ্যে একটি আফ্রিকা মহাদেশ এবং অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত। দুটি পর্বতের উচ্চতাই প্রায় এক হাজার কিলোমিটার। যেখানে বিশ্বের উপরিভাগে সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতা আট দশমিক আট কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, এই পর্বতগুলোর বয়স কমপক্ষে ৫০ লাখ বছর। এগুলো মাটি থেকে ১২০০ কিলোমিটার গভীরে অবস্থিত এবং টেকটনিক প্লেট দ্বারা বেষ্টিত।
গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডের ইউট্রেখট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আরওয়েন ডিউস বলেন, কেউ জানত না যে এগুলো কী। এগুলো কী অস্থায়ীভাবে সেখানে রয়েছে নাকি লাখ লাখ বছর ধরে ওখানে আছে সেটিও একটি প্রশ্নের সৃষ্টি করেছে। তবে এগুলো পৃথিবীর গঠনের সময় অর্থাৎ ৪০০ কোটি বছর আগেরও হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
গবেষণা অনুযায়ী, এই দুটি বিশালাকৃতির কাঠামো পৃথিবীর অভ্যন্তরের কোর এবং ম্যান্টলের সীমান্তে অবস্থিত। এগুলোকে ঘিরে রয়েছে একটি বিশালাকারের টেকটনিক সমাধি। যা সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে গেছে। এই প্রক্রিয়ায় একটি টেকটনিক প্লেট আরেকটির নিচে চাপা পড়ে এবং প্রায় তিন হাজার কি. মি. গভীরতায় ডুবে যায়।
