অনুশীলন ছাড়াই চেলসিকে হারিয়ে দিলো সিটিজেনরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:০৪ এএম

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির কাছে হার আর সেই সঙ্গে ভ্রমণের ক্লান্তি দুই মিলিয়ে চেলসির সঙ্গে গুরুত্বপূর্ণ লিগের ম্যাচের আগে অনুশীলন পর্যন্ত করেনি ম্যানচেস্টার সিটি। কিন্তু তাতে ঘরের মাঠে অতিথিদের বিপক্ষে পিছিয়ে পড়লেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি। ইতিহাদে আগে গোল হজম করলেও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

এ জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সিটি। আর হারের কারণে ছয়ে নেমে যেতে হয়েছে চেলসিকে। ২৩টি করে ম্যাচশেষে সিটির পয়েন্ট ৪১, চেলসির ৪০। এই ম্যাচেও সিটি আগে গোল হজম করে, ৩ মিনিটেই। তাও আবার অভিষিক্ত উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভের ভুলে। প্রথমার্ধের শেষদিকে সেই গোল শোধ করেন জোসকো গাভারদিওল।

দ্বিতীয়ার্ধে সিটি গোলকিপার এডেরসনের পাস ধরে চেলসির জালভেদ করেন আরলিং হালান্ড। এ নিয়ে প্রিমিয়ার লিগে পাঁচটি অ্যাসিস্ট করলেন এডেরসন। যা গোলকিপারদের মধ্যে লিগ ইতিহাসে যৌথ সর্বোচ্চ।

৮৭ মিনিটে ফিল ফোডেন তৃতীয় গোলটি করেন সিটির হয়ে। গোল করে দৌড়ে গিয়ে কোচ পেপের সঙ্গে উদযাপনে মাতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত