রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় হামলায় আহত হয়েছেন অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী (৪২)। এ সময় জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যাবসায়ীদের লোকজন।
আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, চকবাজার ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেই। এরপর অভিযান শেষ করে সেখান থেকে পায়ে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় সেখানকার লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট) শওকত আলী আহত হন। এ সময় তারা ট্রাকটি ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও