একসঙ্গে ৪ গ্রহের দেখা মিলল ঢাকার আকাশে 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

রাজধানী ঢাকার আকাশে একসঙ্গে চার গ্রহের দেখা মিলেছে। গ্রহগুলো হচ্ছে- শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতি। আকাশে সারিবদ্ধ এই দৃশ্যকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘প্ল্যানেট প্যারেড’।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে এই ‘প্ল্যানেট প্যারেড’ দেখার ব্যবস্থা করেছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০টা পর্যন্ত। এর সার্বিক সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

জানা যায়, সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা। এর মূল নাম শুক্রগ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাবার মুহূর্তেই আকাশের পশ্চিম দিগন্তের উপরে শুক্রগ্রহকে দেখতে পাওয়া যায়। তারপর ক্রমশ দেখা দেয় বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান থাকে আমাদের মাথার উপরেই। আর শনিগ্রহ দৃশ্যমান হয়, শুক্রগ্রহের সামান্য নিচে। আর মঙ্গলগ্রহের দেখা মেলে আরও কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।

এ বিষয়ে অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আকাশের খুবই সাধারণ ঘটনা এটি। সূর্যকে যেহেতু প্রতিটি গ্রহই আবর্তন করে, তাই এরা নিয়মিতই কক্ষপথের কাথাও না কোথাও সারিবদ্ধ হয়।’ 

আগামী ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটা সময় জুড়েই তাদের দেখা মিলবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত