ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ এএম

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার দুপুর থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরি শ্রমিকরা এ ধর্মঘট কর্মসূচির ডাক দেন। এ সময় খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো থেকে জ¦ালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।

জানা যায়, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে দুপুর ১টায় নগরীর কাশিপুর মোড়ে রাস্তার ওপর ট্যাংকলরি দাঁড় করিয়ে রেখে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এ সময় রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা, মেঘনা, যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী ও শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু।

পরে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা বেলা পৌনে ৩টায় জরুরি বৈঠকে বসেন। এ সময় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে বিকেল ৫টার মধ্যে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল ৫টার পর অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত আসে। এদিকে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রবিবার দুপুরে ডিবি পুলিশ আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত