সুদানে হাসপাতালে হামলায় নিহত ৭০

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

সুদানের অবরুদ্ধ এল ফাশেরে চালু থাকা একমাত্র হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় প্রায় ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস গতকাল রবিবার যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, হামলার সময় হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ ছিল। হামলায় ১৯ জন আহত হয়েছে। আল মালহার নামে আরও একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলার কথা জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। স্থানীয় কর্মকর্তারা এই হামলার জন্য সুদানের সামরিক বাহিনীর সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত থাকা আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছেন।

২০২৪ সালের মে মাস থেকে এল ফাশের অবরোধসহ সংঘাতের সময় অসংখ্য নৃশংস ঘটনার জন্য আরএসএফকে দায়ী করা হয়। চলমান সংঘাতের কারণে শহরটির প্রায় ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা মাসের পর মাস সহিংসতা ও বঞ্চনা সহ্য করে চলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত